দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে বলে জাতীয় সংসদে দাবি তুলেছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ। তিনি বলেন, মসজিদ আল্লার ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোনও মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার (২২ জুন) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
বেলা ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম।
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে।
মসজিদ আল্লার ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য যাতে কোনও মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনও হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা কর্মীসভা করি, জনসভা করে মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সঙ্গে সবাই একমত কি-না জানি না।
