পাকিস্তানের কাছে ভারত ম্যাচ বয়কটের কারণ জানতে চায় আইসিসি

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের কারণ জানতে চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড (আইসিসি)। এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবি যে ‘ফোর্স ম্যাজিউর’ অথবা অনিবার্য পরিস্থিতির কথা বলেছে, সেটির বিস্তারিত জানতে চায় আইসিসি।
আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই জানিয়েছেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ম্যাচটি খেলবেন না তারা। ইএসপিএন ক্রিকইনফো’র খবর, ‘ফোর্স ম্যাজিউর’ ধারা প্রয়োগের যুক্তি তুলে ধরে সরকারের নির্দেশের কথা ই-মেইলে আইসিসিকে জানায় পিসিবি। তবে সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি। ‘ফোর্স ম্যাজিউর’ একটি চুক্তিগত সুরক্ষা, যেটি কোনো পক্ষকে তার বাধ্যবাধকতা পালনের ব্যর্থতা থেকে দায়মুক্তি দেয়। এক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণের বাইরে অথবা আগে থেকে অনুমান করা যায় না, এমন ঘটনা উপস্থাপন করতে হয়। আইসিসি’র গঠনতন্ত্রে ‘ফোর্স ম্যাজিউর’ হিসেবে যুদ্ধ, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি সরকারের বাধ্যতামূলক নির্দেশনা পালনের বিষয়টিও অন্তর্ভূক্ত। গ্রুপ পর্বের ভারত ম্যাচ বয়কটের পেছনে পিসিবি দেশের সরকারের নির্দেশনাকে ‘ফোর্স ম্যাজিউর’ হিসেবে উল্লেখ করেছে।
আইসিসি জানিয়েছে, ‘মেম্বার্স পার্টিসিপেশন’ অ্যাগ্রিমেন্ট বা সদস্যদের অংশগ্রহণ চুক্তি অনুযায়ী এই ফোর্স ম্যাজিউর ধারা প্রয়োগ করতে হলে বোর্ডকে প্রমাণ দিতে হবে যে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর ক্ষতি কমাতে তারা কী পদক্ষেপ নিয়েছে, তারও বিস্তারিত প্রমাণ ও ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে পিসিবি’র কাছে। বয়কটের সিদ্ধান্ত বহাল থাকলে এবং তা কার্যকর হলে ‘ম্যাটেরিয়াল ড্যামেজ’ বা উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দাবি করতে পারে আইসিসি। সংস্থাটি কোনো ধরনের সংঘাতে যেতে চায় না। তবে শেষ পর্যন্ত গুরুতর দায়ভঙ্গ প্রমাণ হলে কঠিন পদক্ষেপ নিতে পারে তারা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন