আনার হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত

ফন্ট সাইজ:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে গত ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়। পরে তার মরদেহ টুকরো টুকরো করে গুমের চেষ্টা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে।

ঘটনার পর একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলায় গ্রেপ্তার হওয়া আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া, শিহাব ও ফজল মোহাম্মদ ভূঁইয়া নামে পরিচিত এই আসামি ৫ জুন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান।
পরবর্তীতে ২৪ মে তাদের আদালতে হাজির করা হয়। মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রম এখনও চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন