হাইড্রেশন ব্রেকে ‘বিরক্ত’ স্কালোনি

হাইড্রেশন ব্রেকে ‘বিরক্ত’ স্কালোনি

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের এবারের আসরে ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ফুটবল বিশ্বে চলছে বিতর্ক। প্রচণ্ড গরমে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে ম্যাচ চলাকালীন পানি পানের এই বিরতি বাধ্যতামূলক করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে এই নিয়ম নিয়ে এবার সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘ফুটবল এখন আর দুই অর্ধে সীমাবদ্ধ নেই, বরং চারটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই বিরতিগুলো দুর্বল দলগুলোকে বাড়তি সুবিধা দিচ্ছে। ২২ মিনিটের ওই বিরতি খেলোয়াড়দের সামলানোর পাশাপাশি কৌশলগত ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ করে দিচ্ছে, যা আমাদের মতো আক্রমণাত্মক দলগুলোর পরিকল্পনায় বড় প্রভাব ফেলে।’

বিশ্বকাপ জেতানো এই কোচ মনে করেন, খেলা বারবার থামিয়ে দেওয়া হলে তার স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। তিনি যোগ করেন, ‘নতুন নিয়ম হিসেবে এটি মানিয়ে নেওয়া কিছুটা অদ্ভুত। যদিও সব দলের জন্যই নিয়মটি সমান, তবুও খেলার প্রবাহ নষ্ট হওয়াটা মেনে নেয়া কঠিন।’ ফিফা দাবি করছে, উত্তর আমেরিকার তীব্র গরম ও আর্দ্রতার কথা মাথায় রেখেই এই বিরতির ব্যবস্থা করা হয়েছে। তবে সমালোচকদের মতে, খেলোয়াড়দের সুরক্ষা কেবল একটি অজুহাত মাত্র। বিরতির সময় চলা বিজ্ঞাপন এবং মাঠের বাণিজ্যিক প্রচারের দিকেই মূল নজর ফিফার। বিশেষ করে যেসব ভেন্যুর আবহাওয়া তুলনামূলক শীতল, সেখানেও নিয়ম মেনে খেলা থামানোয় গ্যালারিতে আসা দর্শকদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। শীতল আবহাওয়াতেও ‘হাইড্রেশন ব্রেক’ দেওয়ায় অনেক ক্ষেত্রে দর্শকদের দুয়ো ধ্বনি দিতেও শোনা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন