স্কটল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বৈঠক করবেন সেখানকার ফার্স্ট মিনিস্টার জন সুইনি। এ সময় তিনি মুসলিমদের প্রতি তার সংহতি প্রকাশ করতে চান। নিশ্চিত করতে চান যে, তার সরকার সব ধরনের সহিংসতা, বিভাজন ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেবে। এটি এমন সময় হচ্ছে যখন এডিনবরায় মুসলিমদের বিরুদ্ধে একাধিক হামলা হয়েছে। এ হামলায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ওই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের বয়স ২২, ২৪, ২৭ ও ৩৯। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তবে কারও আঘাতই জীবনঘাতী নয় বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে সুইনি বলেন, স্কটল্যান্ডে বর্ণভিত্তিক বা ধর্মভিত্তিক সহিংসতার কোনো স্থান নেই।
যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন- ভুক্তভোগীরা এবং ঘটনাটির কারণে উদ্বিগ্ন সম্প্রদায় সবার প্রতিই আমার সহানুভূতি রইল। আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে এডিনবরায় ঘটে যাওয়া এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানাতে হবে। ইসলামবিদ্বেষী ঘৃণা নিন্দনীয় এবং সাম্প্রতিক সময়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করে বিভাজন তৈরির যেকোনো চেষ্টা আমরা গ্রহণ করতে পারি না। স্কটল্যান্ডে বসবাসকারী সবাই, যারা এখানে জন্মেছেন এবং যারা স্কটল্যান্ডকে নিজেদের ঘর বানিয়েছেন তারা স্কটল্যান্ডের আশা, সহনশীলতা ও সংহতির মূল্যবোধকে প্রতিফলিত করেন। এই মূল্যবোধগুলোকে অবশ্যই লালন, রক্ষা ও শক্তিশালী করতে হবে। আমাদের সবাইকে একসঙ্গে এগুলো নিশ্চিত করতে হবে। কমিউনিটিগুলো যেন নিরাপদ ও সমর্থিত বোধ করে, সে জন্য পুলিশ স্কটল্যান্ড যে কাজ করে যাচ্ছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি কমিউনিটিকে আশ্বস্ত করতে চাই যে, আমার সরকার সব ধরনের সহিংসতা, বিভাজন ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।
