শোচনীয় পরাজয়ের পর যা বলছে জাতীয় পার্টি

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় প্রশাসন ‘ম্যাটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে জাপাকে পরাজিত করেছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিকল্পিতভাবে এমন একটি নীলনকশার নির্বাচন করা হয়েছে যাতে জাতীয় পার্টি একটি আসনেও জয়ী হতে না পারে এবং শতকরা এক ভাগ ভোটও না পায়। শক্তিশালী আসনগুলোতে দলকে তৃতীয় স্থানে নামিয়ে আনা ও বহু প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে তিনি বিস্ময়কর ও পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনিক বৈষম্যের মাধ্যমে দলটির বিরুদ্ধে সুস্পষ্ট পক্ষপাত দেখানো হয়েছে। তবে এসব অভিযোগের পরও তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারকে অভিনন্দন জানান। একইসঙ্গে প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে ‘মব’ আখ্যা দিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাসচিব রেজাউল ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, মঈনুর রাব্বী রুম্মানসহ উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন