লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও মোশারফ হোসেন (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
প্রবীণ রাজনীতিবিদ মহান মুক্তিযুদ্ধ চলাকালে জয় বাংলা বাহিনী (বিএলএফ) এর নোয়াখালী ও হাতিয়া জোনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরবর্তীতে ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের নেতা আ স ম আবদুর রব আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক মন্ত্রী ও স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো. ফয়েজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
