রায়পুর-গাজীনগর সড়কের বেহাল দশা, ভোগান্তি

রায়পুর-গাজীনগর সড়কের বেহাল দশা, ভোগান্তি

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুর পোস্ট অফিস হতে গাজীনগর পর্যন্ত সড়কটির একেবারে বেহাল দশা। ডাকাতিয়া নদীর পাশ দিয়ে বয়ে চলা এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী রায়পুর এল এম মডেল উচ্চ বিদ্যালয়, এল এম প্রাথমিক বিদ্যালয়, রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিসহ বিভিন্ন প্রাইভেট মাদ্রাসা ও স্কুলে যাতায়াত করে। রাস্তার বেহাল দশার কারণে কোমলমতি শিক্ষার্থীদের চরম অসুবিধা ও বিলম্ব ঘটে। বছরের পর বছর সংস্কার না করায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিশাল গর্ত হয়ে যোগাযোগব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বড় বড় গর্তের কারণে রিকশা, অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে।

এতে প্রায় সময় আহত হচ্ছে যাত্রীরা। যার ফলে এ সড়ক দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল করতে চায় না। তা ছাড়া পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হচ্ছে। অসুস্থ রোগীদেরকে জরুরিভিত্তিতে হাসপাতালে নিতে সমস্যা হচ্ছে এবং শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারছে না। এ ছাড়া ভাঙাচোরা রাস্তা ও ধুলাবালিতে অনেকের চরম স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। রাস্তা ভাঙা হওয়ার কারণে শিক্ষার্থীরা সময়মতো ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না।

সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানি জমে যাওয়ার কারণে চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়। এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কার ও উন্নত সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছে। এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সড়কটি সংস্কারের কাজ অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করে জনদুর্ভোগ দূর করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন