চট্টগ্রামে বিসিক শিল্প এলাকায় সন্ত্রাসী বাহিনীর গুলিবর্ষণ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সশস্ত্র পাঁচ যুবকের একটি দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে এবং পরে স্থানীয় এক যুবদল নেতাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়। শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজনের একটি সশস্ত্র দল শিল্প এলাকায় এসে অবস্থান নেয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। পরে তারা একটি প্রতিষ্ঠানে প্রবেশের আগে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এতে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানার কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য দ্রুত স্থান ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির ঘটনার কিছুক্ষণ পর চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতার মোবাইল ফোনে কল করে হুমকি দেয়া হয়। ফোনে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি শারীরিক ক্ষতির ভয় দেখানো হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সঙ্গে এলাকায় সক্রিয় একটি সশস্ত্র গ্রুপের সদস্যরা জড়িত। দীর্ঘদিন ধরে শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের তৎপরতার অভিযোগ রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবককে একটি শিল্পপ্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিসিক শিল্প এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে চাঁদা দাবিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে কয়েকজনের নাম উঠে এলেও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো যাচ্ছে না। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ দেননি। তবে অভিযোগের অপেক্ষায় না থেকে পুলিশ নিজ উদ্যোগে ঘটনাটি খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন