সীতাকুণ্ডে ফুটবল খেলা নিয়ে শ্রমিক দল নেতার বাড়িতে হামলা, আহত ৬

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার পন্থিছিলা হাজীপাড়া এলাকায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইকবাল, গিয়াস উদ্দিন, জাফর, মাহিন, মামুনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল আলাউদ্দিনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় তারেক, ইয়াছমিন আক্তার, তানভীর, কায়সার হামিদ, রাকিবসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আলাউদ্দিন অভিযোগ করেন, হামলাকারীরা চাইনিজ কুড়াল, কিরিচ ও চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তবে ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু সিদ্দিক বাল্লা দাবি করেন, অপর পক্ষের হারুনের পরিবারের দু’জন আহত হয়েছেন এবং তাদের একটি দোকান ভাঙচুর করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন