কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, যুবক আটক

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, যুবক আটক

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টারের ওপর হামলা ও স্টেশন অফিসে ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার সকালে কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সুমন মিয়া (৩০), উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা পরিবহনকে কেন্দ্র করে অর্থ লেনদেনের বিষয়ে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে সুমন মিয়ার কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে সুমন মিয়া স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় স্টেশন অফিসের টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার জেরে স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। এ বিষয়ে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন