একদিন আগে হুমকি

কুষ্টিয়ায় বিএনপি’র আহ্বায়কের বাসার পাশেই নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতির ফেসবুক পোস্টে জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদকে ‘দেখে নেয়ার’ হুমকি দেয়ার একদিন পর তার বাসার পাশেই ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহনশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর বাড়িতে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়েও কাউকে আটক করা যায়নি। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে ফিরে যায় বলে জানা গেছে।

অভিযানের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয় নিষিদ্ধ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মীর অভির একটি ফেসবুক পোস্ট। সেখানে আনোয়ার আলীর বাড়িতে লোকসমাগমের আহ্বান জানিয়ে বিএনপি নেতা কুতুব উদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লেখা হয়- আপনি কুতুব কীভাবে বাড়িতে ঘুমান আমি দেখবো। পরে পোস্টটি সম্পাদনা করে কুতুব লেখাটি সরিয়ে দেয়া হয়। এরই একদিন পর রোববার সকাল ৭টার দিকে কুতুব উদ্দিন আহমেদের বাসার পাশের হাউজিং নিশান মোড় এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলটিতে নেতৃত্ব দেন নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি মীর অভি। পরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তার ফেসবুক পেজে মিছিলের ভিডিও প্রকাশ করেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ভিডিওতে একটি মিছিল দেখা গেছে। সেটি কোথায় ও কখন হয়েছে, তা নিশ্চিত হতে কাজ চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন