সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়াসহ ৪ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। এ সময় তারা অবিলম্বে বকেয়া পরিশোধসহ বেপজার আইন অনযায়ী সকল শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান। গতকাল দুপুরে ঢাকা রপ্তানিকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে অবস্থতি এল.এস. আই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আয়োজিত মানববন্ধন থেকে শ্রমিকরা জানান, চার মাসের বেতন-ভাতা পরিশোধ না করায় শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এজন্য শ্রমিকরা অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস, সার্ভিস বেনিফিটসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা বন্ধ ঘোষণার পরও কর্তৃপক্ষ পূর্বের চুক্তি অনুযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করছে না। মানববন্ধন শেষে ভুক্তভোগী শ্রমিক-কর্মচারীরা দাবি আদায়ের লক্ষ্যে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় শ্রমিকরা রাস্তায় বসে পড়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হলে শ্রমিকরা চলে যায়।
