যমুনা নদীতে পানি বাড়তে থাকায় তৈরি হয়েছে প্রবল স্রোত। এতে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের অন্তত ৪০ মিটার এলাকা ধসে গেছে। শনিবার দুপুর থেকে উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের ডান তীর রক্ষা বাঁধ এলাকায় এই ধস শুরু হয়। রোববার দুপুরে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নদীতে পানি বাড়ায় হঠাৎ এই ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছি। এতে স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক হওয়ার কিছু নেই।
স্থানীয়রা বলছেন, শনিবার দুপুরে হঠাৎ নদীর ডান তীরের ব্লক ধসে ৩০ মিটার এলাকা মুহূর্তের মধ্যে নদীতে বিলীন হয়ে যায়। পরে আরও ১০ মিটার ধসে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যাবে। নদী থেকে মাত্রাতিরিক্ত বালু উত্তোলনের ফলে এই ভাঙন সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন তারা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, এটি বর্ষা মৌসুম। পানি বাড়বে এটাই স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই।
