চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম মাস্টার মাইন্ড আইয়ুবকে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকার জনৈক শাহআলমের বাড়িতে রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে মো. আইয়ুব (৪৫)কে গ্রেপ্তার করে র্যাবের সদস্যরা। গ্রেপ্তারের বিষয়টি প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছে র্যাব-৭ কর্তৃপক্ষ। অপরদিকে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-পিপিএম জানিয়েছেন, একজন আসামিকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে গেছে র্যাবের টিম। গ্রেপ্তারকৃত আইয়ুব রাউজানের কদলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কদলপুর শমসেরপাড়া এলাকার জনৈক আব্দুল মোনাফের সন্তান। জানা গেছে, চলতি মাসের ১৩ই জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো রাউজান-রাঙ্গুনিয়ার জনসাধারণের বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ও ছায়া তদন্ত শুরু করলে সন্ত্রাসীরা গাঢাকা দেয়। তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে র্যাব জানতে পারে, হত্যাকাণ্ডের অন্যতম হোতা আইয়ুব রাঙ্গামাটির বাঘাইছড়িতে তার নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছে। তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে আইয়ুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মাসুদুল হক চৌধুরী (৪৫)কে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুব রাঙ্গামাটিতে গ্রেপ্তার
রাঙ্গামাটি প্রতিনিধি
২২ জুন (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
