বগুড়ার ধুনট উপজেলায় এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। অনৈতিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবকের নাম সুজন মিয়া (২৫)। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নীত্তিপোতা গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহীদের ছেলে। সুজন মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০শে মে ২টার দিকে ওই গৃহবধূ তার বসতবাড়ির টিনশেড গোসলখানায় গোসল করছিলেন। এ সময় সুজন মিয়া গোপনে তার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সুজন মিয়া ওই নারীকে ভিডিওটি দেখিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। গৃহবধূ এতে রাজি না হলে সুজন মিয়া হুমকি দিয়ে বলেন, তার ফোনে ১৯ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে। তার কথামতো সম্পর্ক তৈরি না করলে এই ভিডিও ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হবে। অভিযোগকারী ওই নারী বলেন ‘সর্বশেষ গত ১৮ই জুন সকাল ১০টার দিকে সুজন মিয়ার সঙ্গে আমার দেখা হয়। তখন আমি তাকে ভিডিওটি ডিলিট করে দেয়ার অনুরোধ জানাই। কিন্তু সুজন মিয়া তা ডিলিট করতে অস্বীকৃতি জানায় এবং উল্টো সে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ কারণে মুরুব্বিদের পরামর্শ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি’। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ওই গৃহবধূর লিখিত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য পুলিশ কাজ করছে।
ধুনটে গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইলের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি
২২ জুন (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
