ঝড়ে উড়ে গেছে ঘরের চাল, খোলা আকাশের নিচে বিধবার বসবাস

ঝড়ে উড়ে গেছে ঘরের চাল, খোলা আকাশের নিচে বিধবার বসবাস

ফন্ট সাইজ:

স্বামী মারা গেছেন প্রায় ১৩ বছর আগে। একমাত্র ছেলে বিয়ে করে আলাদা সংসার করলেও বৃদ্ধা মায়ের কোনো খোঁজখবর রাখেন না। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করছিলেন ফালানি আক্তার (৬৫)। কিন্তু দুই মাস আগে কালবৈশাখী ঝড়ে উড়ে যায় তার একমাত্র আশ্রয়স্থল মাটির ঘরের চাল। এরপর থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচেই জীবনযাপন করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ কপাটিয়া পাড়া এলাকার এই অসহায় বিধবা।

সরজমিন দেখা যায়, ফালানি আক্তারের জরাজীর্ণ মাটির ঘরটির চাল সম্পূর্ণ উড়ে গেছে। দীর্ঘদিন খোলা অবস্থায় থাকায় ঘরের মেঝেতে ঘাস জন্মেছে। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তার একমাত্র আশ্রয়স্থল। ফালানি আক্তার জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে জীবন কাটছে তার। বয়সের ভারে কাজ করার সক্ষমতাও কমে গেছে। সম্প্রতি সরকারি সহায়তায় দুই চোখে অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু অর্থের অভাবে ঘর মেরামত করতে পারছেন না। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, কালবৈশাখী ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়ার পর থেকে ফালানি আক্তার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বৃষ্টি হলে তাকে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়। তারা দ্রুত তার জন্য সরকারি ও বেসরকারি সহায়তার ব্যবস্থা করার দাবি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন