ভোলার লালমোহন উপজেলায় একটি ব্রিজের অতিরিক্ত উচ্চতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে করে বাড়ছে জীবনহানির শঙ্কা। অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে পৌরসভার ডাকবাংলো সংলগ্ন লালমোহন খালের উপর নির্মিত ব্রিজটির এমন ভয়ঙ্কর পরিস্থিতি। অনেকেই ক্ষুব্ধ হয়ে প্রায় সময় বলে থাকেনÑ এটি ব্রিজ নয় যেন পাহাড়! ব্রিজটি নতুন করে নির্মাণের পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা, বাজার ব্যবসায়ী ও পথচারীরা। একের পর এক দুর্ঘটনা ঘটায় দ্রুত ওই ব্রিজটি সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করা হয়।
রোববার সকালে ‘আর নয় দুর্ঘটনা, চাই নিরাপদ ব্রিজ’ এই সেøাগানে আমরা ওয়েস্টার্নপাড়া এলাকাবাসীর ব্যানারে ডাকবাংলো ব্রিজের উপর এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ব্রিজটি অত্যন্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটি নির্মাণের পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনায় অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া, ব্রিজটির কাছেই একটি কামিল মাদ্রাসা। ওই ব্রিজ পার হয়ে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন মাদ্রাসায় যাতায়াত করেন। তবে ব্রিজটির অতিরিক্ত উচ্চতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক অবকাঠামোর অভাবে শিক্ষার্থীসহ স্থানীয়রা দুর্ঘটনার আতঙ্কে থাকেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেনÑ লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল হক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সেলিম, নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো. কামাল হোসেন শাহিনসহ আরও অনেকে।
