হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজি (অটোরিকশা) চালক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে জীবিকার তাগিদে সিএনজি নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় সিএনজি রেখে নাস্তা করার উদ্দেশ্যে মহাসড়কের অপর পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির একটি মাছবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে আউশকান্দি এলাকায় সিএনজি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। শেরপুর হাইওয়ে থানার (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
