প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)
আল আমিন হোসাইন জানান, চাকরি দেয়ার প্রতিশ্রুতি, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা
হয়েছে।
এ ঘটনার খবর প্রকাশের পর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী নাকি অভিনেত্রী ববির স্বামী। বিষয়টি নিয়ে সেদিন রাতেই নিজের ফেসবুক
অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়েছেন ববি। এতে তিনি লেখেন, শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে ‘কোথাও কথিত স্ত্রী’, ‘কোথাও স্ত্রী’ শিরোনামে সংবাদ
প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন, মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। আমাকে আপনারা
দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামে পবিত্র
সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনবো।
