বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট হতে পারে ১৪ই এপ্রিলের আগে: ইসি মাছউদ

ফন্ট সাইজ:

আগামী ১৪ই এপ্রিলের আগে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার ইসি ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ঝড়-বৃষ্টির কারণে আমরা পরিকল্পনা করছি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ১৪ই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই নির্বাচন আয়োজন করবো। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আমার জানামতে অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি রেটিফাই (অনুমোদন) হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্যরকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। তিনি বলেন, যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে, তাই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বহাল থাকবে কিনা-তা কার্যত বিএনপি’র অবস্থানের ওপর নির্ভর করছে। পাশাপাশি তিনি সংরক্ষিত নারী আসন ও স্থগিত উপনির্বাচন সংক্রান্ত কমিশনের প্রস্তুতি চলছে বলে জানান। সংরক্ষিত নারী আসনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানান, এ নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যেসব প্রার্থী মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে। বিধি অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন শেষ করতে হয় এবং কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করবে। শিগগিরই তফসিল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বসছে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন