কলকাতায় রেড রোডে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে মোদির সুস্বাস্থ্যের বার্তা

ফন্ট সাইজ:

দ্বাদশ বিশ্ব যোগ দিবস উপলক্ষে রোববার কলকাতায় রেড রোডে বিশাল জমায়েতে সকলের সঙ্গে যোগ চর্চায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন যোগ চর্চার গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সক্রিয় বার্ধক্যকে নিয়ন্ত্রণ করতে এবং জীবনের মান উন্নত করতে যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতায় দ্বাদশ বিশ্ব যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীর দীর্ঘতম দিন ২১শে জুন এখন বিশ্বব্যাপী যোগ দিবস হিসেবে স্বীকৃত।
এদিন প্রধানমন্ত্রী নিজে যোগ ব্যায়াম করেছেন। একাধিক আসনের অনুশীলনে তাকে যোগ দিতে দেখা যায়। পরে তিনি যোগ-স্থানে ঘুরে ঘুরে বাকিদের অনুশীলন দেখেন। কারও কারও ভঙ্গি শুধরেও দেন স্বতঃপ্রণোদিত হয়ে।
প্রধানমন্ত্রী শনিবারই দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। রাতে থেকেছেন কলকাতায় লোকভবনে। রোববার ভোরেই পৌঁছে 
যান রেড রোডে বিশ্ব যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। সেখানেই যোগব্যায়াম করেন তিনি। নিজের আসনে বসে এবং দাঁড়িয়ে কিছু অনুশীলন করার পর চত্বরে ঘুরে বেড়ান একা একাই। মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী রাজ্যপাল আর এন রবি এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগ ব্যায়ামের অনুষ্ঠান শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন দেখানো হয়। রেড রোডের অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের সর্বত্র যোগ দিবসে সাধারণ মানুষ যোগ অনুশীলন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন