বিশ্বকাপের দুর্ভাগা দল মনে করা হয় নেদারল্যান্ডসকে। তিনবার ফাইনাল খেলে শিরোপাবঞ্চিত তারা। এবারও জাপানের সঙ্গে ২-২ গোলের ড্রতে তাদের শুরুটা খুব উজ্জ্বল ছিল না। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুট জয় দিয়ে ডাচ্রা জানালো- আমরাও আছি।
গতকাল ফিফা বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের ম্যাচে সুইডেনের বিপক্ষে ৫-১ গোল জয় পায় নেদারল্যান্ডস। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রোনাল্ড কোম্যানের দল পৌঁছে যায় সুবিধাজনক অবস্থায়। নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ঠিক ৫-১ গোলে জয় দেখেছিল সুইডেন। বিশ্বকাপে গত ৮৮ বছরের ইতিহাসে এটি সুইডেনের সবচেয়ে বড় জয়।
এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম ম্যাচে মাত্র ৫ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন ব্রায়ান ব্রবি। আর গতকাল একাদশে সুযোগ পাওয়া ব্রবি কোচের আস্থার প্রতিদান দিতে সময় নেন মাত্রই ৫ মিনিট। হিউস্টন স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের পঞ্চম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দলকে গোল এনে দেন ব্রবি। আর ১৭তম মিনিটে সান্ডারল্যান্ড ফরোয়ার্ড দ্বিতীয় গোল আদায় করে ব্যাকফুটে ঠেলে দেন সুইডিশদের। পরে জোড়া গোল পান কোডি গ্যাকপোও। এদিন চমৎকার নৈপুণ্য দেখানো ক্রিসেনসেন সামারভিল করেন এক গোল। চলতি বিশ্বকাপের ৩৩তম ম্যাচে ১০০ গোল পূর্ণ হলো। এটি ১৯৫৮ সালের পর বিশ্বকাপে দ্রুততম ‘১০০’। একই গ্রুপে জাপান-তিউনিশিয়া দ্বৈরথটি ছিল বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ।
বিশ্বকাপের ইতিহাসে দু’দলের এটি ছিল মাত্রই দ্বিতীয় সাক্ষাত। ১৯৭৪ বিশ্বকাপে ইয়োহান ক্রুয়েফ, ইয়োহান নিসকেন্সদের নোদারল্যান্ডসকে গোলশূন্য ড্রতে রুখে দিয়েছিল সুইডেন। সেবার ফাইনালে স্বাগতিক পশ্চিম জার্মানির কাছে হেরে যায় টোটাল ফুটবল দিয়ে বিশ্বকে বুঁদ করে ফেলা নেদারল্যান্ডস। পরের বিশ্বকাপে আরেক স্বাগতিক আর্জেন্টিনার কাছে শিরোপা স্বপ্ন ভাঙে ডাচ্দের। ডাচ ফুটবলের সর্বশেষ দুঃখগাথা ২০১০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া আসরের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয় অরেঞ্জ আর্মিরা।
হিউস্টন স্টেডিয়ামে এদিন শুরু থেকেই ক্ষুরধার দেখাচ্ছিল ডাচ্দের। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে পেয়ে যায় গোল। মাঝমাঠে টিজানি রেইন্ডার্সের উদ্দেশ্যে ব্রায়ান ব্রবির ফ্লিকে শুরু হয় চমৎকার এই আক্রমণটি। বল পেয়েই রেইন্ডার্স বাম প্রান্ত ধরে দৌড়াতে থাকা কোডি গাকপোকে পাস বাড়িয়ে দেন। লিভারপুলের এই তারকা উইঙ্গার গতিতে প্রতিপক্ষকে পরাস্ত করে নিখুঁত এক ক্রস বাড়ান ডি-বক্সের ঠিক মাঝখানে। আর সেখানে ব্রবি মাত্র ছয় গজ দূর থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান। ১৭তম মিনিটে ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে দ্বিতীয় গোল করেন ২৪ বছর বয়সী সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল। প্রথমার্ধের শেষ দিকে ডাচ্দের ব্যতিব্যস্ত রাখে সুইডিশরা। এ সময় গুস্তাফ লেগারবিয়েলকের দারুণ হেডের গোল অফসাইডে বাতিল হয়। ভিক্টর ইয়োকারেস ও ইয়াসিন আয়ারির শট রুখে দেন ডাচ্ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন।
বিরতির পর নব উদ্যমে মাঠে ফেরে ডাচ্রা। এবার আলো কাড়েন কোডি গ্যাকপো। ৭ মিনিটের ব্যবধানে দুই গোল করেন লিভারপুল ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ডান দিকে ক্রিসেনসিও সামারভিল দ্রুত বল নিয়ে পাস দেন ডামফ্রিসকে। পরে ডামফ্রিসের লো ক্রসে পা ছুঁইয়ে গোল করেন লিভারপুল তারকা কোডি গ্যাকপো। ৫৪তম মিনিটে আবার গোল। নেদারল্যান্ডসের বক্সে সুইডিশ তারকা আলেকজান্ডার ইসাকের একটি ঢিলেঢালা পাসের ফলে বল পজিশন তাদের হাতছাড়া হয়ে যায়। ডাচরা সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাকে দ্রুত গতিতে এগিয়ে যায়। ক্রিসেনসিও সামারভিল বল নিয়ে চমৎকারভাবে এগিয়ে বাম দিকে কোডি গ্যাকপোর উদ্দেশ্যে বাড়িয়ে দেন। গ্যাকপো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এবং কোনাকুণি নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন। চলতি বিশ্বকাপের ৩৩তম ম্যাচে এটি ছিল ১০০তম গোল।
৫৯তম মিনিটে এক গোল শোধ করে সুইডেন। মাঠে নামার মাত্র চতুর্থ মিনিটে গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। আলেকজান্ডার ইসাকের এক দুর্দান্ত থ্রু-বল ধরে ডাচ রক্ষণভাগকে পেছনে ফেলে দারুণ গতিতে ছুটে যান ২২ বছর বয়সী তারকা। এরপর ঠাণ্ডা মাথায় ফিনিশিংয়ে বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করে বল জালে জড়ান। ৮৭তম মিনিটে নেদারল্যান্ডসের পঞ্চম গোলটি করেন সামারভিল।
