আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে সুযোগ পেলে স্পেন জাতীয় দলে খেলাতে চান দেশটির কোচ। সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার আগে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ গণমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’-কে দেয়া ওই সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তেকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা দল থেকে যদি একজন খেলোয়াড় বেছে নিয়ে স্পেনের হয়ে খেলানোর সুযোগ থাকত, তবে তিনি কাকে নিতেন। জবাবে স্পেন কোচ কোনো দ্বিধা না করেই হুলিয়ান আলভারেজের নাম উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমার দলের খেলার ধরন এবং কৌশলের সঙ্গে আলভারেজ দুর্দান্তভাবে মানিয়ে যেত। সে যেকোনো দলের জন্যই অপরিহার্য সম্পদ হতে পারে। আধুনিক ফুটবলে যেসব বৈশিষ্ট্য একজন শীর্ষমানের স্ট্রাইকারের মধ্যে থাকা প্রয়োজন, তার প্রায় সবই আলভারেজের মধ্যে রয়েছে।’
আলভারেজকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ তুঙ্গে। দীর্ঘদিন ধরেই বার্সেলোনা তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছে। এক পর্যায়ে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছিল কাতালান ক্লাবটি, তবে সেই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে অ্যাথলেটিকো মাদ্রিদ। বিশ্বকাপ চলাকালেই রিয়াল মাদ্রিদও আলভারেজকে দলে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও অ্যাটলেটিকো তাদের অবস্থান বদলায়নি। বরং ক্লাবটি এখনো আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের অবস্থানেই অনড় রয়েছে, ফলে তার সম্ভাব্য ট্রান্সফার আপাতত বেশ কঠিন হয়ে পড়েছে। বার্সেলোনার মিডফিল্ডার ও স্প্যানিশ দলের অন্যতম সদস্য দানি ওলমো আলভারেজের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘সন্দেহাতীতভাবেই সে এখন বিশ্বের সেরা নাম্বার নাইনদের একজন। মাঠের ভেতরের পারফরম্যান্সের পাশাপাশি মানুষ হিসেবেও সে অসাধারণ।’
