শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘স্পেলিং স্টার’

শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘স্পেলিং স্টার’

ফন্ট সাইজ:

দেশের বাংলা ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও বানান দক্ষতা বিকাশে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’। শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। এ উপলক্ষে শনিবার রাজধানীর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা বিভাগের প্রধান ও নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমীন এবং রিজিওনাল লিড প্রিন্সিপ্যাল মিলন সরকার। আয়োজকরা জানান, দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্ব থেকে নির্বাচিত প্রায় ৩৫০ থেকে ৪০০ শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে সেরা ১০০ জন শিক্ষার্থী মূল পর্বে জায়গা করে নেবে। এরপর এই ১০০ শিক্ষার্থীকে নিয়ে চ্যানেল আইয়ে সম্প্রচারিত হবে রিয়েলিটি শোটির মূল প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ভাষা ও বানান বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যেই এ আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ভাষাজ্ঞান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা। প্রতিযোগিতার নিয়ম-কানুন, নিবন্ধন প্রক্রিয়া এবং অন্যান্য তথ্য চ্যানেল আই ও শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল পেজ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন