টালিউডের তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমা ‘জয়িতা’র শুটিং নিয়ে। দীর্ঘ অভিনয় জীবনে বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন ভাষার সিনেমাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে নিজের পথচলা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন ঋতুপর্ণা। তিনি জানান, কখনো কোনো প্রত্যাশা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আসেননি। আজও সেই অবস্থানেই আছেন। ঋতুপর্ণার ভাষ্য, আমি ইন্ডাস্ট্রিতে কোনো আশা নিয়ে কাজ করি না। হঠাৎ করেই এখানে এসেছি। আসার কথাও ছিল না। তাই কোনো প্রত্যাশাও ছিল না।
এভাবেই ছুটছি। তিনি জানান, অভিনেত্রী রত্না ঘোষাল প্রথম তাকে সুযোগ করে দেন। ‘রং বেরং’ নামের একটি টেলিভিশন সিরিজে কাজের মধ্যদিয়েই তার অভিনয় যাত্রা শুরু হয়। পরে ধীরে ধীরে বিভিন্ন নির্মাতা ও শিল্পীর আস্থায় জায়গা করে নেন তিনি। ঋতুপর্ণা বলেন, আমি কোনো চলচ্চিত্র পরিবার থেকে আসিনি। তবে ইন্ডাস্ট্রিতে এসে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। স্বাধীনভাবে কাজ করেছি এবং নিজের শিল্পী সত্তাকে সর্বোচ্চভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আমি কখনো ভাবিনি, বিনিময়ে কী পাবো।
তবে তিনি চান সবাই যেন কাজের সুযোগ পায় এবং সুস্থ পরিবেশে একসঙ্গে কাজ করতে পারে। অভিনেত্রীর মতে, ছোট-বড় সব ধরনের চলচ্চিত্রের জন্যই জায়গা থাকা উচিত। শিল্পীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি নতুন গল্প ও নতুন স্বপ্নকে এগিয়ে নেয়ার সুযোগও থাকতে হবে। তিনি বলেন, আমি চাই সবাই যেন নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে। শিল্পীর মর্যাদা বজায় থাকুক।
