বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। এতে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর সহ-সভাপতি সেলিম রহমান।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, জয়নুল আবেদীন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যগণ।
এতে ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ ও অনুমোদন করা হয়। এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয় সভায়।
এতে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও গত এক বছরে পর্ষদের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। অন্যদিকে, ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান।
