জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সব সময় দেশের শিক্ষক জ্ঞানী গুনী বুদ্ধিজীবী শ্রেণিকে সম্মানিত করেছে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শিক্ষাবান্ধব বাজেট দিয়েছে। স্বাধীনতার পর গত ৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে তারেক রহমানের বিএনপি সরকার। এই বাজেট দেশের কৃষক শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষের কল্যাণের বাজেট। ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে। তিনি শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসেসিয়েশন আয়োজিত গুনীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আফসার আলীর সভাপতিত্বে ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্না মিনজ, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও বড়াইগ্রাম উপজেলা নিবার্হী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুনীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক শফীউল হাসান তিতু ও সদস্য সচিব রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তারকে গুনীজন সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় সকল বক্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলাকে ভাগ করে বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি পৃথক উপজেলা গঠনের দাবি জানান। প্রধান অতিথি হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার বক্তব্যে বড়াইগ্রামের মানুষের দীর্ঘদিনের এই দাবির সাথে একাত্বতা প্রকাশ করে বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি উপজেলা গঠনের প্রচেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেন। এর আগে সকালে দুলু নাটোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনার আওতায় ক্ষুদ্র কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ, নলডাঙ্গায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, হেয়ারিং এইড ও গাছের চারা বিতরণ এবং শহরের পশ্চিম আলাইপুরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
