এক মাস মেয়াদ বাড়লো লিপুর, বাশারের অপেক্ষা

এক মাস মেয়াদ বাড়লো লিপুর, বাশারের অপেক্ষা

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক পদে বড় রদবদল আপাতত না হলেও গাজী আশরাফ হোসেন লিপুর বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। লিপুর মেয়াদ শেষ হওয়ার খবর আসার পর থেকেই তার বিকল্প হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছিল। এরই মধ্যে বাশারকে প্রধান নির্বাচক হওয়ার জন্য বিসিবি আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে। জানা গেছে, লিপুর বর্তমান চুক্তির মেয়াদ আগামী ২৮শে ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও বিসিবি’র বিশেষ অনুরোধে তিনি আরও এক মাস দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। তবে ব্যক্তিগত কারণে লিপু দীর্ঘমেয়াদে এই গুরুভার চালিয়ে যেতে আগ্রহী নন এবং বোর্ডকে ইতিমধ্যে ই-মেইলের মাধ্যমে নিজের অনাগ্রহের কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। বিসিবি তাকে পুনরায় চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি। তবে সামনে পাকিস্তান সূচির কারণে নির্বাচক প্যানেলে হঠাৎ তৈরি হওয়া শূন্যতা সামাল দিতে বোর্ড তাকে পাকিস্তান সিরিজ ও মার্চ মাস পর্যন্ত কাজ চালিয়ে যেতে রাজি করিয়েছে। সবকিছু ঠিক থাকলে লিপুর মেয়াদ শেষ হওয়ার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে পারেন বাশার। গতকাল বিসিবির বোর্ড সভাতে এমন আলোচনার কথাই জানা গেছে।
গাজী আশরাফ হোসেন লিপুর উত্তরসূরি হিসেবে হাবিবুল বাশার সুমনের নিয়োগ এখন কেবল সময়ের ব্যাপার। বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার পর বাশার সিদ্ধান্ত নিতে কিছুটা সময় চেয়েছিলেন। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাশার এই চ্যালেঞ্জ নিতে রাজি হয়েছেন এবং চুক্তি অনুযায়ী তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই পদে আসীন থাকবেন। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত এই অভিজ্ঞ ক্রিকেটার নির্বাচক হিসেবে নতুন যাত্রা শুরু করবেন আগামী ১ এপ্রিল থেকে। ব্যক্তিগত ও প্রশাসনিক কিছু কার্যক্রম গুছিয়ে নিতে বাশার এপ্রিল থেকে কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আট বছর নির্বাচক হিসেবে তার কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে।
মাঠের ক্রিকেটের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং ক্রিকেটারদের বর্তমান অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় বাশারকেই এই পদের জন্য সবচেয়ে যোগ্য মনে করছে বোর্ড। নির্বাচক প্যানেলে বাশারের আগমনে দল গঠনে স্থিতিশীলতা ফিরবে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন। বর্তমানে বিসিবির অভ্যন্তরীণ সমীকরণে হাবিবুল বাশার সুমনের পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদকেও নির্বাচক হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। আবদুর রাজ্জাক বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হওয়াতে নির্বাচক প্যানেলে যে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়েছিল, বাশারের অন্তর্ভুক্তি সেই শূন্যস্থান সফলভাবে পূরণ করবে। বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতি ও দলের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে এখন বাশারের এপ্রিলের অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট সংশ্লিষ্টরা।


Andalib

৩ মাস আগে

গাজী আশরাফ হোসেন লীপুকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই।‌

মন্তব্য করুন