মাঠে ফিরছেন মোহামেডানের ‘মিডফিল্ড জেনারেল’ মুজাফফর মুজাফফরভ। অভিমান কাটিয়ে পুরনো ঠিকানায় যোগ দিলেন এই উজবেক তারকা। লীগের প্রথম পর্ব শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে ভক্তদের মন ভাঙলেও দ্বিতীয় পর্ব শুরুর আগেই সাদা-কালো শিবিরে যোগ দিলেন তিনি। তিন দিন আগে ক্লাবে ফিরে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন মোহামেডানের ‘প্রাণভোমরা’।
২০২২ সালে উজবেকিস্তানের ক্লাব ডায়নামো সামারকান্দ থেকে মোহামেডানে
যোগ দেয়ার পর থেকে দলের মাঝমাঠের প্রাণ হয়ে ওঠেন মুজাফফরভ। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫৩ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। মোহামেডানের ১৪ বছরের ফেডারেশন কাপের খরা কাটানো এবং পেশাদার লীগের ইতিহাসে প্রথম শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।
লীগের প্রথম পর্ব শেষে ফেসবুক পোস্টের মাধ্যমে বিদায়বার্তা দেন মুজাফফরভ। বকেয়া বেতন-ভাতা নিয়ে ক্লাবের সঙ্গে কিছুটা টানাপড়েন আর অভিমান থেকে বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। সেই অভিমান ভুলে আবারও প্রিয় ক্লাবে ফিরলেন।
জাতীয় নির্বাচন ও মধ্যবর্তী দলবদলের বিরতি শেষে আগামী ৬ই মার্চ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল)। ওই দিন চারটি ভিন্ন ভেন্যুতে আটটি দল মুখোমুখি হবে। তবে মোহামেডান সমর্থকদের চোখ থাকবে কুমিল্লায়। ৭ই মার্চ ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নামবে মোহামেডান।
অভিমান ভুলে মোহামেডানে ফিরলেন মুজাফফরভ
স্পোর্টস রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
