না ফেরার দেশে ক্রিকেটার শেখ মেহেদীর মা

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। গতকাল সকালে খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ থেকে শুরু বিসিএল ওয়ানডে আসর। সে লক্ষ্যে গতকাল অনুশীলন করছিলেন শেখ মেহেদী। সেখানেই খবর আসে, তার মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এরপর বগুড়া থেকে বাড়ির পথ ধরেন টাইগার ক্রিকেটার। এক শোক বার্তায় বিসিবি লিখেছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’ এ খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট পাড়ায়। শেখ মেহেদির পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় শান্ত বলেন, ‘আসলে (মেহেদীর সঙ্গে) কথা হয়নি। সকালে খবরটা পেয়েছি। তারপর যত তাড়াতাড়ি সম্ভব ওকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খুবই দুঃখের খবর। তার আম্মার জন্য অবশ্যই দোয়া থাকবে। আমরা ওর পাশে আছি। কঠিন সময়, কিন্তু কিছু করার নেই।’ টাইগার ক্রিকেটার শেখ মেহেদীর জন্ম ১৯৯৪-এর ১২ই ডিসেম্বর, খুলনায়। ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি খেলেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন