গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন এবং গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন। আর গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৬৯ জনে। এ ছাড়া গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু হওয়ায় গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ জনে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।
