বাঁশি বাজিয়ে ইতিহাসের পাতায় মার্কিন নারী রেফারি

বাঁশি বাজিয়ে ইতিহাসের পাতায় মার্কিন নারী রেফারি

ফন্ট সাইজ:

ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়লেন টোরি পেনসো। প্রথম আমেরিকান নারী রেফারি হিসেবে ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালন করলেন তিনি। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে বাঁশি বাজিয়ে এ কীর্তি গড়েন ৩৯ বছর বয়সী পেনসো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে জন্ম নেয়া টোরি পেনসো স্টুয়ার্ডে বড় হয়েছেন। ১৪ বছর বয়সে বড় ভাইদের মাধ্যমে রেফারিংয়ের হাতেখড়ি। ১৮ বছর বয়সে ডান পান অলিম্পিক ডেভেলপমেন্ট প্রোগ্রামে। ২০১৩ সালে পেনসো যুক্তরাষ্ট্রের সকার ফেডারেশনে রেফারি হিসেবে যোগ দেন। শুরুতে তিনি মেয়েদের কলেজ টুর্নামেন্ট এবং ন্যাশনাল উইমেন্স সকার লীগের ম্যাচ পরিচালনা করতেন। এরপর ২০১৯ সালে তিনি প্রফেশনাল রেফারি অর্গানাইজেশনের বিশেষ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দেয়ার সুযোগ পান।

এরপর তাকে মেজর লীগ সকার এবং ইউএসএল চ্যাম্পিয়নশিপের মতো বড় টুর্নামেন্টে রেফারি ও চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত ২০২০ সালে এমএলএসে রেফারিং করে সবার নজরে আসেন পেনসো। সেবার দীর্ঘ ২০ বছর পর প্রথম নারী হিসেবে মেজর লীগ সকারের (এমএলএস) কোনো ম্যাচ পরিচালনার সুযোগ পান তিনি। সেখান থেকেই তার উত্থানের গল্প শুরু। বর্তমানে এই লীগের ইতিহাসে প্রথম পূর্ণকালীন নারী রেফারি পেনসো। ২০২৫ সালে অস্টিন এফসি ও ন্যাশভিল এসসির মধ্যকার ইউএস ওপেন কাপের ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন তিনি।

২০২৩ সালে ফিফা তাকে নারী বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য নির্বাচন করে। সেই বিশ্বকাপে তিনি প্রথম আমেরিকান রেফারি হিসেবে ফাইনালে বাঁশি বাজানোর গৌরব অর্জন করেন। ওই টুর্নামেন্টে সেমিফাইনালসহ ৫টি ম্যাচে দায়িত্ব পালন করেন পেনসো। এছাড়া তিনি সৌদি আরবে অনুষ্ঠিত ২০২৩ ও ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপেও রেফারিং করেন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকেও পেনসো রেফারির বাঁশি বাজান। ২০২৬ বিশ্বকাপে
ছেলেদের ম্যাচ পরিচালনা করে তিনি ফরাসি রেফারি স্টেফানি ফ্রাপারের পর দ্বিতীয় নারী হিসেবে অন-ফিল্ড রেফারির ইতিহাসে নাম তুললেন। এই ম্যাচে তার সঙ্গে
ছিলেন ক্যাথরিন নেসবিট ও ব্রুক মেইও। ছেলেদের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে পুরো অফিশিয়াল দল ছিল নারী এবং আমেরিকান!

টোরি পেনসোর স্বামী ক্রিস পেনসো নিজেও একজন অভিজ্ঞ এমএলএস রেফারি। তাদের তিন কন্যা সন্তান রয়েছে। শিক্ষাজীবনে তিনি ২০০৮ সালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে ডিজিটাল মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে কোকা-কোলা ও রেড বুলের মতো বড় কোম্পানিতে মার্কেটিং বিভাগে কাজ করার পর ২০১৫ সালে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। রেফারিংয়ের পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় সোশ্যাল মিডিয়া ও স্পোর্টস বিষয়ক একটি কোর্সও পড়ান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন