যুক্তরাষ্ট্রের ভ্রমণনীতি নিয়ে ফিফায় অভিযোগ জানাচ্ছে ইরান

ফন্ট সাইজ:

১৬ই জুন ‘লস অ্যানজেলেসের সফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইরান। ম্যাচটি শেষে নিউজিল্যান্ড ফুটবল দল স্টেডিয়াম থেকে যখন হোটেলে ফিরছি, তখন ইরান ফুটবল দলকে যেতে হচ্ছে বিমানবন্দরে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মেক্সিকোকে ফিরতে হয়েছে ইরানি ফুটবলারদের। আগামী সোমবার একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। এই ম্যাচের ইরানের ভিসা নীতিতে পরিবর্তন চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছিল ইরান। তারা চেয়েছিল ম্যাচ ডে’র দুইদিন আগে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচের পরদিন মেক্সিকোতে ফিরতে। তাদের এই আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইতো বিশ্বকাপে দলীয় ভ্রমণ ও প্রস্তুতি সূচি বাস্তবায়নে বাধার অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে ইরান।

বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেন, ‘টুর্নামেন্টের প্রস্তুতি সূচি আগেভাগে জমা দেয়া সত্ত্বেও ইরান আবারো আয়োজকদের আরোপিত বিধিনিষেধের মুখোমুখি হয়েছে, যা আমাদের টেকনিক্যাল স্টাফদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।’ মেক্সিকোর তিহুয়ানা থেকে যুক্তরাষ্ট্রে পরবর্তী ম্যাচের দুইদিন আগে যাত্রার পরিকল্পনা করেছিল ইরান। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে তারা দুইদিন আগে লস অ্যানজেলেসে যাওয়ার অনুমতি চেয়েছিল। ইরানের দাবি, এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘লস অ্যানজেলেসে ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বিবেচনায় রেখে ইরান ফুটবল ফেডারেশন অনুরোধ করেছিল যেন দলটিকে ম্যাচের দুইদিন আগে লস অ্যানজেলেসে ভ্রমণের অনুমতি দেয়া হয়। এর উদ্দেশ্য ছিল- খেলোয়াড়দের ম্যাচের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত সময় দেয়া, শেষ অনুশীলন সম্পন্ন করা এবং চূড়ান্ত প্রস্তুতি শেষ করা।’

এ ছাড়া ইরান অভিযোগ করেছে, তাদের প্রথম ম্যাচ শেষে লস অ্যানজেলেস ত্যাগ করার ক্ষেত্রেও কড়াকড়ি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের অভিযোগ নাকচ করে জানিয়েছে, দলকে আগেই ভ্রমণ নীতিমালা সম্পর্কে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি সিবিএস নিউজকে বলেন, ‘দলটিকে (ইরান) ম্যাচের আগের দিন, অর্থাৎ ম্যাচ ডে মাইনাস ওয়ানে আসার অনুমতি দেয়া হবে। তাদেরকে ম্যাচ শেষ হওয়ার দিন, অর্থাৎ ম্যাচের রাতেই দেশ ত্যাগ করতে বলা হবে। লস অ্যানজেলেসেও একই নিয়ম প্রযোজ্য থাকবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন