বিশ্বকাপের উন্মাদনার মাঝেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ঘটে গেল এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের বহনকারী একটি উবার গাড়ি বন্দুকধারীর গুলিবর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের ৫ মাইল এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে। ধারাবাহিক পাঁচটি শুটআউটের এই ঘটনায় একজন নিহত এবং উবার চালকসহ চারজন আহত হন। মার্কিন গণমাধ্যম এপি-কে পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী এক সশস্ত্র যুবক এই হামলা চালিয়েছে এবং তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কানসাসের ডাউনটাউনের আই-৭০ এবং আই-৬৭০ হাইওয়েতে এই হামলাগুলো ঘটে। এটি আর্জেন্টিনার ম্যাচ হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে প্রায় ৪ মাইল দূরে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-কে ম্যাচ দেখতে আসা দুই আমেরিকান আর্জেন্টাইন সমর্থক জানান, একটি গাড়ি তাদের উবারের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুটি গুলি চালায়। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা চাকা ফেটে যাওয়ার শব্দ মনে করলেও পরে চালককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। ঘটনার পর পুলিশ তাদের থানায় নিয়ে অভিযোগ গ্রহণ করে এবং পরে নিজেদের টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়।
সৌভাগ্যবশত, চালকের আঘাত আশঙ্কাজনক নয়। তবে ট্রুম্যান রোডের কাছে ঘটে যাওয়া আরেকটি হামলায় এক চালক গুলিবিদ্ধ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সাথে ধাক্কা খান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কানসাস সিটি পুলিশের ক্যাপ্টেন জ্যাকব বেচিনা জানান, ঘাতক যুবক একের পর এক চলন্ত গাড়িতে গুলি চালিয়ে পূর্ব দিকে পালিয়ে যায়। বুধবার সকালে ইন্ডিপেন্ডেন্স শহরতলির একটি বাড়িতে পুলিশ তাকে ঘেরাও করলেও সেখানে তাকে পাওয়া যায়নি। পলাতক এই আসামিকে ধরতে বর্তমানে চিরুনি অভিযান চালাচ্ছে মার্কিন পুলিশ।
