অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের আগমনের পর ধীরে ধীরে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় রেড ডেভিলরা। দলের সাবেক কোচ রুবেন আমরিম ১৪ মাসে যা পারেননি, লীগে নিজের কোচিংয়ে প্রথম চার ম্যাচেই জিতে সেটি করে দেখালেন ক্যারিক। ম্যাচের পর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের কথায় ফুটে উঠলো, ক্যারিকের অধীনে পাওয়া স্বাধীনতাই এ সাফল্যের নেপথ্যে। চলতি মৌসুমে আমোরিমের অধীনে এর আগে একবারই সর্বোচ্চ টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখে ইউনাইটেড। নিজের প্রথম চার ম্যাচেই দলের পর্তুগিজ সাবেককে ছাড়িয়ে গেছেন ৪৪ বছর বয়সী ক্যারিক। দলের এমন আমূল পরিবর্তনের কারণ জানা যায় ফার্নান্দেজের কথায়। টিএনটি স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি মাইকেল (ক্যারিক) সঠিক ধারণা নিয়েই এসেছেন- খেলোয়াড়দের মাঠে দায়িত্ব নেয়ার স্বাধীনতা দেয়া, যাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারে।’ ইউনাইটেডের হয়ে ১২ বছরের খেলোয়াড়ি জীবনে ৫টি প্রিমিয়ার লীগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লীগ জেতেন ক্যারিক। ফার্নান্দেজের বিশ্বাস, এই অভিজ্ঞতাই তাকে দল থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে সাহায্য করে। পর্তুগিজ ফরোয়ার্ড আরও বলেন, ‘মাইকেল এখানে সবকিছু জিতেছেন। এই সমর্থকদের কাছে এর মানে কী এবং এই ফুটবল ক্লাবে জিততে কতটা প্রয়োজন, তিনি জানেন। আমাদের এমন সময়ও গেছে যখন আমরা ভালো ছিলাম না, তবুও পরিস্থিতি এমনই ছিল। আর যখন আমরা ম্যাচ জিতি, তখন সবকিছুই আরও উজ্জ্বল দেখায়।’ ওল্ড ট্রাফোর্ডে ২৯তম মিনিটে বড় ধাক্কা খায় টটেনহ্যাম। ক্যাসেমিরকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সফরকারীদের আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো। ৩৮তম মিনিটে ব্রায়ান এমবুমোর গোলে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর মাঠে ফিরে আরও দু’বার বল জালে জড়ায় ইউনাইটেড। তবে দু’বারই অফসাইডের ফাঁদে বাতিল হয় গোল। শেষ পর্যন্ত ৮১তম মিনিটে দলের শেষ গোলটি করেন অধিনায়ক ফার্নান্দেজ। এ জয়ে তালিকার চারে উঠে এসেছে ইউনাইটেড। ২৫ ম্যাচে ১২ জয়, ৮ ড্র ও ৫ হারে ৪৪ পয়েন্ট রেড ডেভিলদের।
বড় লিড ‘কিছুই না’ আর্সেনাল কোচের কাছে
নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে আর্সেনালও। ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে গানারদের জয় ৩-০ গোলে। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও পোক্ত হলো আর্সেনালের। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৭ পয়েন্টে দুইয়ে। শিরোপার দৌড়ে বড় লিড থাকলেও, এসব নিয়ে এখনই বেশি খুশি হওয়ার কিছু দেখছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এমিরেটস স্টেডিয়ামে এদিন স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ভিক্টর ইয়োকেরেস। এক গোল করেন মার্টিন জুবিমেন্দি। জয়ের পর আর্তেয়া বলেন, ‘(বড় লিড) কিছুই না। আমরা যা করতে চাই, সেটি অর্জন করতে এখনও আমাদের অনেক জয় পেতে হবে। কাজেই এটি নিয়ে ভাবার কিছু নেই। আজ আমরা নিজেদের কাজ করেছি, যা করার ছিল করেছি।
এখন পারফরম্যান্স মূল্যায়ন করব, উন্নতির চেষ্টা করব এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে (পরবর্তী) ম্যাচের জন্য প্রস্তুত হব।’
ফার্নান্দেজরা আজ ‘স্বাধীন’, ক্যারিকের অধীনে উড়ছে ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
