উপহারের গোলে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো

উপহারের গোলে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো

ফন্ট সাইজ:

দক্ষিণ কোরিয়ান গোলকিপারের অবিশ্বাস্য এক ভুল। ফাঁকা জাল পেয়ে বল জড়াতে বিন্দুমাত্র ভুল করলেন না মেক্সিকোর লুইস রোমো। উপহার পাওয়া সেই একমাত্র গোলেই দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো সহ-আয়োজক মেক্সিকো। গুয়াদালাহারায় গতকাল সকালে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে মেক্সিকোর জয় এবং নকআউটে ওঠায় চারদিকে যখন প্রশংসার জোয়ার, ঠিক তখনই যেন এক ভিন্ন সুর কোচ হাভিয়ের আগিরের কণ্ঠে। গ্রুপ পর্বের এই সাফল্য বা টেবিলের শীর্ষস্থানকে খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি। ৬৭ বছর বয়সী এই অভিজ্ঞ কোচের দৃষ্টি এখন সুদূরে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আগিরে বলেন, ‘আমি পরিসংখ্যান জানি না। এটি লোকমুখে চলা কথা। ২০০২ সালেও এটা শোনা গিয়েছিল এবং এখনও শোনা যাচ্ছে। তবে যেটি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে শেষ পর্যন্ত দলের অবস্থান। গ্রুপ পর্বে কী অর্জন হলো, তার চেয়ে বিশ্বকাপে মেক্সিকো কত দূর যাবে, সেটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আগিরের এমন ভাবনার পেছনে রয়েছে মেক্সিকোর অতীত ইতিহাস। ১৯৮৬ বিশ্বকাপের পর মেক্সিকো আর কখনোই কোয়ার্টার ফাইনালের মুখ দেখেনি। এমনকি ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত টানা সাত আসরে তারা শেষ ষোলোর গেরো পার হতে পারেনি। আর গত কাতার বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় মেক্সিকানরা। আগিরে বলেন, ‘ঘরের মাঠে খেলার মতো আনন্দ আর কিছুতেই নেই। এটি অমূল্য। ছেলেদের আমি বোঝাতে চাই যে, আমরা বিশ্বের সেরা দশ দলের মধ্যে থাকতে পারি। এটি করতে পারলে আমাদের জন্য বিশেষ কিছু হবে।’

ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মধ্যে সমানে-সমান লড়াই চলে। বল দখলের লড়াইয়ে দক্ষিণ কোরিয়া (৫৭%) কিছুটা এগিয়ে থাকলেও মেক্সিকোর আক্রমণগুলো ছিল বেশি লক্ষ্যভিত্তিক। দু’দলই সমান ৮টি করে শট নিলেও, মেক্সিকোর ৪টি শট ছিল লক্ষ্যে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতির পরপরই মেক্সিকোর ভাগ্যের চাকা ঘোরে। ম্যাচের ৫০তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ডি-বক্সে ক্রস বাড়ান হুলিয়ান কুইনেনোস। কোরিয়ান গোলকিপার কিম সেউং-গিউ এগিয়ে এসে বল ঠেকিয়ে দিলেও, পরমুহূর্তেই তার হাত ফসকে তা বেরিয়ে যায়। পেনাল্টি স্পটের কাছে একদম ফাঁকায় দাঁড়িয়ে থাকা ৩১ বছর বয়সী মিডফিল্ডার রোমো ঠাণ্ডা মাথায় বল ফাঁকা জালে জড়ান।

দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা মেক্সিকো ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শুভসূচনা করা দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ১ পয়েন্ট করে নিয়ে টেবিলের পরের দুই দল যথাক্রমে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন