মরিয়া জাপান সতর্ক রেনার্ড

মরিয়া জাপান সতর্ক রেনার্ড

ফন্ট সাইজ:

বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হচ্ছে জাপান। মেক্সিকোর মনতেরে স্টেডিয়ামে খেলা গড়াবে আগামীকাল সকাল ১০টায়। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপান। তিউনিসিয়ার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় দলটি। এরই জেরে বরখাস্ত হন তিউনিসিয়ার কোচ সাবরি লামুচি। তার জায়গা নিয়েছেন অভিজ্ঞ কোচ হার্ভি রেনার্ড। গত বিশ্বকাপে সৌদি আরবের কোচ ছিলেন হার্ভি। আর্জেন্টিনার বিপক্ষে বিখ্যাত জয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। জাপানের বিপক্ষে ম্যাচের আগে শিষ্যদের সতর্ক বার্তা রেনার্ডের। তিনি বলেন, ‘শেষ ম্যাচটা তারা (জাপান) খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। মনে হয় না আমাদের বিপক্ষে শুধু ড্র করার জন্য নামবে।’

তিউনিসিয়ার বিপক্ষে রেকর্ডটাও দারুণ জাপানের। ৬ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। হার একটি। ঘরের মাঠে আয়োজিত ২০০২ বিশ্বকাপ আসরে তিউনিসিয়ার বিপক্ষে ব্লু সামুরাইদের জয়টা ছিল ২-০ গোলে। চারবারের এশিয়ান চ্যাম্পিয়নদের প্রশংসা করতে কার্পণ্য করলেন না রেনার্ড। তিনি বলেন, ‘আমি দলটির কোয়ালিটি সম্পর্কে জানি। তারা এশিয়ার সেরা।’ জাপান সেটা প্রথম ম্যাচেই প্রমাণ করেছে। ডাচদের সঙ্গে তারা তাল মিলিয়ে লড়ে গেছে শেষ সেকেন্ড পর্যন্ত। দু’বার পিছিয়ে পড়ে সমতা আনে জাপান। ৮৮ মিনিটে দাইচি কামাদার গোলে পয়েন্ট কেড়ে নেয় হাজিমে মরিয়াসুর দল। ম্যাচের পর মরিয়াসু বলেন, ‘আমরা তিন পয়েন্টের জন্যই খেলেছিলাম। এক পয়েন্ট নয়। এই দৃষ্টিকোণ থেকে ফলাফল হতাশাজনক।’

ভঙ্গুর তিউনিসিয়ার বিপক্ষে সেই হতাশা কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ ব্লু সামুরাইরা। তবে এই ম্যাচে জাপান পাচ্ছে না গুরুত্বপূর্ণ সদস্য তাকেফুসা কুবোকে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিসের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর সাইডলাইনে ছিটকে যান কুবো। ৭৫ মিনিটে হুইলচেয়ারে করে মাঠ ছাড়তে হয় তাকে। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে কুবোর হাঁটুতে চোট লেগেছে। তার সুস্থ হতে ঠিক কতদিন লাগবে তা নিশ্চিত বলা মুশকিল।

কুবোর শূন্যতা পূরণ করতে প্রস্তুত নাকামুরা
বিশ্বকাপ অভিষেকেই গোল করার স্বপ্ন পূরণ করেছেন কেইতো নাকামুরা। কুবোর ইনজুরিতে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। ন্যাশভিলে ট্রেনিং চলাকালীন সংবাদমাধ্যমকে নাকামুরা বলেন, ‘গোল, অ্যাসিস্ট কিংবা অন্য যা কিছু হোক- আমি এমন কিছু করতে চাই যা সরাসরি গোল করার পথ তৈরি করবে।’ কুবোকে নিয়ে নাকামুরা বলেন, ‘ম্যাচের সময় আমরা সবাই তাকে মনে রাখবো। সে দল ছেড়ে যাচ্ছে না। শুধু পরের ম্যাচটিতে খেলতে পারবে না। আমি নিশ্চিত সে ফিরে আসবে। এ নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন