নিউ ইয়র্কের রাস্তায় ‘ছদ্মবেশী’ হালান্দ

নিউ ইয়র্কের রাস্তায় ‘ছদ্মবেশী’ হালান্দ

ফন্ট সাইজ:

বোস্টনের মাঠে গোল উৎসবে মেতে উঠেছিলেন, যার গর্জন কম্পন তোলে সুদূর নরওয়েতে। সেই মহাতারকা আর্লিং ব্রুট হালান্দই কি না এবার বিশ্বকাপে ছোট্ট ছুটিতে নিজের রূপ লুকিয়ে ঘুরে বেড়ালেন নিউ ইয়র্কের অলি-গলিতে! বান্ধবীকে সঙ্গী করে মার্কিন মুলুকের এই শহরের রূপ-রস উপভোগ করলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার, অথচ কাকপক্ষীও টের পেলো না।

মাথায় হালকা রঙের বেসবল ক্যাপ আর চোখে কালো সানগ্লাস। ব্যস। ২৫ বছর বয়সী এই গোলমেশিনকে চেনার সাধ্য কার! সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, হালান্দ ও তার সঙ্গিনী ইসাবেল হগসেং জোহানসেন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে। এমনকি লাইনে দাঁড়িয়েছেন নামী রেস্তোরাঁ ‘কাটজ ডেলি’র সামনেও। তবে নিউ ইয়র্কবাসী যেন টেরই পেলেন না যে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তাদের গা ঘেঁষেই হেঁটে চলেছেন।

নিজের এই ‘ছদ্মবেশ’ নিয়ে স্ন্যাপচ্যাটে মজা করে হালান্দ লেখেন, ‘সত্যি বলতে, চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’ মাঠে নামলে সাধারণত যে সোনালী চুলগুলো ঝুঁটি করে বেঁধে রাখেন, সেটাই নাকি তার মূল পরিচিতি!

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসেই নিজেদের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয় নরওয়ে। দলের জয়ের দিন জোড়া গোল করেন হালান্দ। এমন দুর্দান্ত শুরুর পুরস্কার হিসেবেই সেনেগালের বিপক্ষে নামার আগে দুদিনের ছুটি মিলেছে ফুটবলারদের। গ্রুপের অন্য ম্যাচে অবশ্য ফ্রান্সের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে সেনেগাল।

আগামী ২৩শে জুন নিউ ইয়র্ক-নিউ জার্সির স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে নরওয়ে। মাঠের লড়াইয়ের আগে ফুটবলারদের এই মুক্ত বাতাস নেয়াকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন।

শিষ্যদের ছুটি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সবারই একটা ছোট্ট বিরতির প্রয়োজন আছে। আমার এবং বাকিদের থেকে দূরে গিয়ে নিজেদের মতো করে কিছুটা সময় কাটালে ছেলেদের মন যেমন ফুরফুরে হবে। তেমনি খেলায় মনযোগ দেয়াটাও সহজ হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন