ফিলডেলফিয়ার বিখ্যাত লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড আজ এক অগ্নিপরীক্ষার সাক্ষী হতে যাচ্ছে। বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে সাম্বার দেশ ব্রাজিল ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দল হাইতি। তবে মাঠের লড়াইয়ের আগেই কথার যুদ্ধে নিজেদের শক্তিমত্তার জানান দিলেন সেলেসাওদের মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি।
মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচের মলিন ড্র করে ব্রাজিল। তবে সেসব ভুলে হাইতির বিপক্ষে এক ভিন্ন রূপের দলকে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত স্পষ্টভাষায় দলের পরিকল্পনার কথা জানান। আনচেলোত্তি বলেন, ‘প্রথম ম্যাচের পারফরম্যান্স, বিশেষ করে প্রথমার্ধের খেলা নিয়ে দলের কেউই খুশি ছিল না। তবে আগামীকাল আপনারা সম্পূর্ণ ভিন্ন এক ব্রাজিলকে দেখতে পাবেন। যেখানে থাকবে আরও গতি, আরও শৈল্পিক পাসিং এবং আরও বেশি মানসম্পন্ন ফুটবল।’
হাইতিকে অবশ্য খাটো করে দেখছেন না ব্রাজিল বস। স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারলেও ক্যারিবিয়ানদের শারীরিক শক্তি এবং সুশৃঙ্খল রক্ষণভাগকে সমীহ করছেন তিনি।
তবে ব্রাজিল শিবিরে যে পরিবর্তনের হাওয়া বইছে, তা নিশ্চিত। শুরুর একাদশে কিছু রদবদল এনে মাঝমাঠ ও আক্রমণভাগকে আরও ধারালো করার আভাস দিয়েছেন আনচেলোত্তি। তিনি আরও বলেন, ‘আমরা কিছু পরিবর্তন করবো। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটি করতেই হবে।’
