বিশ্বকাপের মঞ্চে এর চাইতে বর্ণিল প্রত্যাবর্তন হয় কীভাবে! কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়া কলম্বিয়ার চার বছর পর ফেরাটাও হলো দুর্দান্ত। ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় নবাগত উজবেকিস্তানকে গতকাল ৩-১ গোলে হারায় নেস্তোর লরেঞ্জোর দল। এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপে শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। এদিন জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন লুইস দিয়াজ। অভিষেকে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি। বিশ্বকাপে খেলতে আসার আগে ফর্মের তুঙ্গে ছিলেন দিয়াজ। বায়ান মিউনিখের জার্সিতে ৩২ ম্যাচে ১৫ গোল ও ১৪ অ্যাসিস্ট করেন। সেই ফর্ম দেখা গেল বিশ্বকাপ অভিষেকে। কলম্বিয়ার হয়ে দানিয়েল মুনেজ ও হামিন্তন কাম্পাজ একটি করে গোল করেন। উজবেকদের পক্ষে এক গোল শোধ দেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। ম্যাচের সেরা দিয়াজ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ছোটবেলার স্বপ্ন পূরণ করলাম। গোল ও অ্যাসিস্টের চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে?’
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় কলম্বিয়া। ১৭ মিনিটে জন আরিয়াসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩২ মিনিটে লুইস দিয়াজের বাঁ পায়ের জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এর ৮ মিনিট পর লিড নেয় কলম্বিয়া। ডেডলক ভাঙেন দানিয়েল মুনেজ। মাঝমাঠ থেকে দারুণ এক চিপে দিয়াজ বল বাড়িয়ে দেন দানিয়েল মুনেজের উদ্দেশ্যে। বল মাটিতে পড়ার আগেই আলতো টোকায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে দিয়াজের এটি ৫৩তম অ্যাসিস্ট। এই অ্যাসিস্টটি ছিল ২৬.৫ মিটার বা ৩০ গজ দূরত্বের। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে হুয়ান কুয়াদ্রাদোর অ্যাসিস্টের (৩৬ মিটার বা ৪০ গজ) পর বিশ্বকাপে কলম্বিয়ার এটি দীর্ঘতম দূরত্বের অ্যাসিস্ট। আর গোল করা মুনেজ (৩০ বছর ২২ দিন) ফিফা বিশ্বকাপে গোল করা চতুর্থ বয়স্ক কলম্বিয়ান খেলোয়াড়। এ গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে দৃশ্যপট বদলে দেয় উজবেকিস্তান। ৫৯ মিনিটে দাস্তনবেক খামদামভভ এর ক্রস থেকে বল পেয়ে আব্বোসবেক ফায়জুল্লায়েভ হেডে করে সমতা ফেরান। বিশ্বমঞ্চে উজবেকিস্তানের এটি প্রথম গোল। ২০০৬ বিশ্বকাপের পর এবার বিশ্বকাপ অভিষেকে চার দল গোলের দেখা পেল (কঙ্গো ডিআর, জর্ডান, কুরাকাও ও উজবেকিস্তান)। ৬৫ মিনিটে গুস্তাভো পুয়ের্তার বাড়ানো বল ডি বক্সে পান লুইস দিয়াজ। তার ডান পায়ের জোরালো শট গোলকিপারের হাত লাগলেও জালে জড়িয়ে যায়। কলম্বিয়াকে ২-১ গোলে এগিয়ে দিয়ে আরেকটি রেকর্ড গড়েন দিয়াজ। ২০১৪ সালের বিশ্বকাপে জাপানের বিপক্ষে হামেস রদ্রিগেজের পর প্রথম কলম্বিয়ান হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন তিনি। কলম্বিয়ার জার্সিতে দিয়াজের এটি ৭৫ ম্যাচে ২৩ নম্বর গোল। শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে উজবেকিস্তানের জালে শেষ গোলটি করেন হামিন্তন কাম্পাজ। কুচো হার্নান্দেজের ক্রস থেকে হেডারে বল জালে জড়ান ২৬ বছর বয়সী এই উইঙ্গার। এদিন গোল না পেলেও শুরুর একাদশে খেলে নতুন রেকর্ড গড়েন। হামেস রদ্রিগেজ। ২০২৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এ স্ট্রাইকার স্বদেশি কার্লোস ভালদেরামা ও ফ্রেডি রিনকনের পাশে নাম লেখান। তৃতীয় কলম্বিয়ান হিসেবে তিনটি বিশ্বকাপে খেলার নজির গড়েন রদ্রিগেজ তিনি।
