‘আমরা জানতাম রোনালদো আগের মতো নেই’

‘আমরা জানতাম রোনালদো আগের মতো নেই’

ফন্ট সাইজ:

লিওনেল মেসি যখন হ্যাটট্রিক করে বিশ্বকে বুঁদ করে রেখেছেন, ঠিক তখনই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ শুরু হলো একরাশ হতাশা ও সমালোচনা দিয়ে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে নবাগত ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে পর্তুগাল। তবে দলের এই পয়েন্ট হারানোর চেয়েও বড় আলোচনা এখন ৪১ বছর বয়সী রোনালদোকে নিয়ে। ম্যাচ জুড়ে তিনি এতটাই নিষ্ক্রিয় ছিলেন যে, ফুটবল বিশ্লেষকদের ভাষায়, ‘মাঠে রোনালদো যেন এক শূন্যতা, এক অদৃশ্য ছায়া।’ পরিসংখ্যানের খাতা খুললে রোনালদোর এই বিবর্ণ রূপ আরও পরিষ্কারভাবে ধরা দেয়। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে পর্তুগালের হয়ে টানা ১০ ম্যাচ গোলহীন সিআরসেভেন।

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন তিনি। সেটিই শেষবার। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর পাঁচ ম্যাচ এবং চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ মিলিয়ে চার বছর ধরে বড় মঞ্চে কোনো নন-পেনাল্টি গোল নেই এই পর্তুগিজ অধিনায়কের। কঙ্গোর বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও প্রতিপক্ষ গোলকিপারকে পরীক্ষাতেই ফেলতে পারেননি আল নাসর তারকা। দ্বিতীয়ার্ধে দুটি সহজ কাটব্যাক থেকে শট নিলেও তা পোস্টের বাইরে মেরে বসেন। ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি ফক্স স্পোর্টসে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘দলের গোল করা প্রয়োজন, আপনার একার নয়। রোনালদো যদি স্রেফ সিক্স-ইয়ার্ড বক্সে বলটা ছেড়ে দিতেন, তবে পেছনে থাকা ব্রুনো ফার্নান্দেজ অনায়াসে ট্যাপ-ইন করে গোল করতে পারতেন। তিনি দলের চেয়ে নিজেকে ওপরে রাখছেন।’ রোনালদোর এমন ‘অলস’ ও অফসাইড পজিশনে দাঁড়িয়ে থাকা নিয়ে কঙ্গোর তরুণ মিডফিল্ডার মুকাউ ম্যাচ শেষে বলেন, ‘আমরা জানতাম তিনি আগের মতো নেই, তাই কম দৌড়াবে। আমি তার কাছ থেকে আরেকটু বেশি আশা করেছিলাম, তবে বয়স হয়েছে। এটি স্বাভাবিক।’ এত সমালোচনার পরেও কোচ রবার্তো মার্টিনেজ যেন অন্ধের মতোই আগলে রাখছেন প্রিয় শিষ্যকে। রোনাদোকে পুরো ৯০ মিনিট খেলানো নিয়ে মার্টিনেজ সংবাদ সম্মেলনে সাফাই গেয়ে বলেন, ‘যে ম্যাচে আপনার গোল দরকার, সেখানে ফুটবল ইতিহাসের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেয়ার কোনো মানেই হয় না।’ তবে সমালোচকরা বলছেন, পর্তুগিজ বস নিজেই এখানে ‘ইতিহাস’ শব্দটা বলে বুঝিয়েছেন রোনালদো এখন অতীত। খেলা শেষে দলের বাকিরা যখন দর্শকদের হাততালি দিচ্ছিলেন, রোনালদো তখন মাথা নিচু করে একা টানেলে ঢুকে যান। স্বরূপে ফিরতে অন্তত আরও দুটি ম্যাচ পাবেন ক্রিস্টিয়ানো। আগামী ২৩শে জুন রাতে উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে পর্তুগাল। ‘কে’-গ্রুপে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগিজদের শেষ ম্যাচ ২৮ তারিখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন