ব্রাজিল মানেই ‘শক্তি’

ব্রাজিল মানেই ‘শক্তি’

ফন্ট সাইজ:

গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের ২৪ ম্যাচের ৯টিই ড্র। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা চাপে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। তবে ভক্তদের চোখ এখন আগামীকালের ম্যাচের দিকে, যেখানে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে তারা। প্রিয় দল নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেন। এই গতি তারকা ব্রাজিলের হেক্সা মিশন নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, ‘ব্রাজিল মানেই শক্তি। আমি তো সবসময়ই নিজের প্রিয় দল নিয়ে বড় স্বপ্ন দেখি। প্রথম ম্যাচে দল পয়েন্ট হারালেও আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করি এবার আমাদের হেক্সা মিশনের স্বপ্ন পূরণ হবেই।

মরক্কো আসলেই অনেক শক্তিশালী দল ছিল, তবে সামনের ম্যাচগুলোতে ব্রাজিল দারুণভাবে ঘুরে দাঁড়াবে।’ ফুটবল বিশ্বকাপে নিজ নিজ প্রিয় দলের খেলা দেখার জন্য ভক্ত-সমর্থকদের নানা আয়োজনের হিরিক। ব্যতিক্রম নন রুবেলও। খেলা দেখার সময় তার প্রস্তুতি কেমন থাকে জানতে চাইলে বলেন, ‘আমি সাধারণত ঘরে বসেই খেলা দেখি। ব্রাজিলের খেলা থাকলে মনে অন্যরকম উত্তেজনা কাজ করে। ম্যাচ জিতলে চরম উল্লাস করি, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করি এবং ফেসবুকে একটা দারুণ স্ট্যাটাস দেই, এটাই মূলত খেলা দেখার আগে আমার বড় প্রস্তুতি। বন্ধুদের বেশিরভাগই ব্রাজিলের হলেও কয়েকজন কিন্তু আর্জেন্টিনার অন্ধ সাপোর্টারও আছে।’ তবে রুবেলের নিজের ঘরের ভেতরেই যে আরেক তীব্র প্রতিপক্ষ লুকিয়ে রয়েছে। রুবেল বলেন, ‘আমার স্ত্রী কিন্তু আর্জেন্টিনার কট্টর ভক্ত। তাই ঘরের ভেতর খেলা দেখার সময় আমাদের মধ্যে হালকা তর্কবিতর্ক আর মজার এক লড়াই হয়, যা আমি সবসময় পছন্দ ও উপভোগ করি।’ ব্রাজিলের শক্তির জায়গা সম্পর্কে রুবেল বলেন, ‘আমাদের দল এখন বেশ চমৎকার শেপে রয়েছে। দলে কয়েকজন দারুণ প্রতিভাবান খেলোয়াড় আছেন, যারা বিশ্বের বিভিন্ন বড় বড় লীগগুলোতে নিজেদের শতভাগ প্রমাণ করেছেন।’ প্রিয় তারকা নেইমার জুনিয়রের ইনজুরি নিয়ে নিজের অতীতে মাঠে চোট পাওয়ার কঠিন অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, ‘খেলোয়াড়দের দীর্ঘ ক্যারিয়ারে চোট তো থাকবেই। তবে আমি আশা করি নেইমার দ্রুত পুরোপুরি ফিট হয়ে বড় বড় সব ম্যাচে মাঠে ফিরবেন।’ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার খেলোয়াড় হলেও লিওনেল মেসি প্রসঙ্গে কট্টর ব্রাজিলভক্ত রুবেলের ভিন্ন ভাবনা।

তিনি বলেন, ‘মেসি চমৎকার খেলোয়াড়, তার সম্মান করা সকলের দায়িত্ব। মেসি দলে থাকলে দলের সাহস অন্য লেভেলে যায়, যা সে একা প্রমাণ করে দেখিয়েছে। এটা বলতে দ্বিধা নেই যে সে সর্বকালের সেরা ফুটবলারদের একজন।’ একটা সময় জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমেও উন্মাদনা ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে। সেই স্মৃতি মনে করে রুবেল বলেন, ‘আমি যখন জাতীয় দলে খেলেছি, তখন ড্রেসিংরুমে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হতো। তামিম ইকবাল কিন্তু আমাদের মতো ব্রাজিলের সমর্থক ছিলেন। অন্যদিকে আমাদের মাশরাফি ও মুশফিক ভাই আর্জেন্টিনার অন্ধ ভক্ত ছিলেন। খেলা থাকলে ড্রেসিংরুমে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে চমৎকার এক উত্তেজনা কাজ করতো। তখন আমাদের ক্রিকেট দলের তরুণ খেলোয়াড়দের প্রায় সবাই কিন্তু মনেপ্রাণে ব্রাজিলের কট্টর সমর্থক ছিল। আর্জেন্টিনা সমর্থকরা অনেক সময় আমাদেরকে ক্ষ্যাপাতো। এটা একটা ভিন্ন মজা।’ রুবেল বলেন, ‘ব্রাজিল মানেই বড় শক্তি, তারা যেকোনো কঠিন পরিস্থিতিতেও চমৎকারভাবে ম্যাচে ফিরে আসতে পারে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন