উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে থাকছেন ভোজিনিয়ার মা

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে থাকছেন ভোজিনিয়ার মা

ফন্ট সাইজ:

অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মা যুক্তরাষ্ট্রে গিয়ে মাঠে বসে বিশ্বকাপে ছেলের খেলা উপভোগ করতে পারবেন। উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন ভোজিনিয়ার মা আনা ক্যান্ডিদা এভোরা। দেশটির সরকার ভিসা অনুমোদনের পাশাপাশি সফরের প্রয়োজনীয় ব্যবস্থাও সম্পন্ন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জেফ্রিজ বলেন, ‘কেপভার্দের ব্লু শার্কস’ এর লড়াকু মানসিকতা ও সাফল্যে বিশ্বের ফুটবলপ্রেমীরা আনন্দিত হলেও ভোজিনিহার মায়ের অনুপস্থিতির খবর সেই আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছিল। কোনো মায়েরই তার সন্তানের ইতিহাস গড়ার মুহূর্ত সরাসরি দেখার সুযোগ হাতছাড়া হওয়া উচিত নয়। ভোজিনিয়ার মায়ের জন্য মার্কিন ভিসা মঞ্জুর করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি নিজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। ভোজিনিয়ার মায়ের সব ভিসা ফিও মওকুফ করে দেয়া হয়েছে। এছাড়া কেপ ভার্দের অন্য খেলোয়াড়দের পরিবারের জন্য ১৫ হাজার ডলারের বন্ডের শর্তও শিথিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মা-ছেলের পুনর্মিলনের জন্য মায়ামিতে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে।’ ছেলেকে দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নেয়ার আবেগ লুকাতে পারেননি ভোজিনিহার মা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিনি বলেন, ‘সবকিছু খুব দ্রুত হচ্ছে। আমি সত্যিই খুব খুশি। ঈশ্বর চাইলে আমি বিশ্বকাপে আমার ছেলেকে খেলতে দেখব। আমি ওকে সমর্থন দিতে যাচ্ছি, সাহস আর শক্তি দিতে চাই। ম্যাচ শেষে ওকে জড়িয়ে ধরবো।’ ৪০ বছর বয়সী ভোজিনিহা গত সোমবার স্পেনের বিপক্ষে কেপ ভার্দের চমকপ্রদ ড্রয়ে বড় ভূমিকা রাখেন। সাতটি দুর্দান্ত সেভ করে দলকে এক পয়েন্ট এনে দেন।

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে জানান, আর্থিক জটিলতার কারণে তার মা বিশ্বকাপ দেখতে আসতে পারেননি। সমস্যাটা ছিল যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া নিয়ে। চলতি বছরের শুরুতে কেপভার্দেকে এমন একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যাদের নাগরিকদের ভিসা ফি ছাড়াও বড় অঙ্কের ফেরতযোগ্য বন্ড জমা দিতে হয়। অতিরিক্ত সেই ব্যয় বহন করা সম্ভব হয়নি ভোজিনহার পরিবারের পক্ষে। ফলে সময়মতো ভিসা পাননি তার মা। ভোজিনিহার সেই কষ্টের কথা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস উদ্যোগ নেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলে তিনি কেপ ভার্দের গোলরক্ষকের মায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন