গরম থেকে বাঁচতে আর্জেন্টিনার অভিনব কৌশল

গরম থেকে বাঁচতে আর্জেন্টিনার অভিনব কৌশল

ফন্ট সাইজ:

এবারের বিশ্বকাপে ১০৮ ম্যাচের ৭৮টি আয়োজন করবে যুক্তরাষ্ট্র। যে কারণে বিশ্বকাপ শুরুর আগ থেকেই দেশটির গরম আবহাওয়া নিয়ে দলগুলো চিন্তিত। পরিস্থিতি সামাল দিতে ফিফা চালু করেছে হাইড্রেশন ব্রেক। অনুশীলন থেকে ম্যাচ- ভ্রমণ ক্লান্তির পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অস্বস্তিতে প্লেয়াররা। সেই অস্বস্তি দূর করতে অভিনব কৌশলে আর্জেন্টিনা ফুটবল দল। আলজেরিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দলের প্রথম অনুশীলনে বিশেষ জ্যাকেট পড়ে গা গরম করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অনুশীলন জার্সির উপর এ জ্যাকেট পরে অনুশীলন করেন মেসি-মার্টিনেজরা। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।

কানসাসে গত বুধবার আর্জেন্টিনার অনুশীলনের সময় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই গরম সামলাতে আর্জেন্টিনা দল ব্যবহার করে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’। যা মূলত ফর্মুলা ওয়ানের রেসারদের ব্যবহৃত প্রযুক্তি। দলটির পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সরবরাহ করা এই ভেস্টের ভেতরে থাকা পকেটগুলোতে শীতলীকরণ জেল থাকে, যা দ্রুত শরীরের তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের সতেজ রাখতে সাহায্য করে। একটি কুলিং ভেস্টের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে ব্যবহার করা হয় তাপমাত্রা নিয়ন্ত্রণকারী বিশেষ বুট। যা দীর্ঘক্ষণ দৌড়ানোর পরও পায়ে ঠাণ্ডা ভাব বজায় রাখে। টুর্নামেন্ট শুরুর পর থেকেই এই প্রযুক্তি ব্যবহার করছে স্পেন। সৌদি আরবের মতো গ্রীষ্মপ্রধান দেশে খেলোয়াড়রা নিয়মিত এটি ব্যবহার করেন। স্পেন জাতীয় ফুটবল দলের ফিটনেস কোচ কার্লোস ক্রুজ জানিয়েছেন, খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে ও দ্রুত কার্যক্ষমতা ফিরিয়ে আনতে এই প্রযুক্তির বিকল্প নেই। তিনি বলেন, ‘অনুশীলনের পর আমরা এটি ব্যবহার করছি। চাইলে ম্যাচের আগে বা ওয়ার্ম-আপের শেষেও এটি ব্যবহার করা সম্ভব, যা খেলোয়াড়দের শরীরকে সতেজ রাখে।’

ফুটবলে এই প্রযুক্তির ব্যবহার নতুন মনে হলেও ফর্মুলা ওয়ানে এটি অত্যন্ত জনপ্রিয়। সিঙ্গাপুর, কাতার বা অস্ট্রেলিয়ার মতো অতিরিক্ত গরমের সার্কিটগুলোতে চালকরা নিয়মিত এই কুলিং ভেস্ট ব্যবহার করেন।
আধুনিক ফুটবলে খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্সের মান ধরে রাখতে এই প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন