শীতাতপ নিয়ন্ত্রিত মাঠে ‘হাইড্রেশন ব্রেক’!

শীতাতপ নিয়ন্ত্রিত মাঠে ‘হাইড্রেশন ব্রেক’!

ফন্ট সাইজ:

শীতাতপ নিয়ন্ত্রিত মাঠে দেয়া হলো হাইড্রেশন ব্রেক! ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে এমন অদ্ভূত কাণ্ডই ঘটালো ফিফা। ডালাসের ৭০ হাজার ৩৭৯ জন সমর্থক এর স্বাক্ষী হয়েছেন। আর মাঠে বসেই তার প্রতিবাদ করেছেন খেলা দেখতে আসা সমর্থকরা। গ্যালারি থেকে দুয়োধ্বনি দেন। অবশ্য বিশ্বকাপের শুরু থেকে পানি পানের এ বিরতি চালু করে ফিফা। যার নেপথ্যে যে অর্থের লোভ সেটা আর বুঝতে বাকি রইলো না।

বিশ্বকাপ শুরুর আগে ফিফা জানায়, গরমের কথা মাথায় রেখে এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচের দুই অর্ধে দুইবার হাইড্রেশন ব্রেক দেয়া হবে। যার প্রতিটির ব্যাপ্তি তিন মিনিট। ফিফার যুক্তি, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা ও পানিশূন্যতা রোধে এটি প্রয়োজনীয়। তবে দর্শকরা এই যুক্তি মানতে নারাজ। দর্শকদের বড় অংশের মতে, শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও এই ব্রেক দেয়া হাস্যকর। তারা মনে করছেন, এটি কেবল বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বড় অংকের টাকা কামানোর একটি বাণিজ্যিক ফন্দি। এক ইংলিশ সমর্থক বিবিসিকে বলেন, ‘এয়ার কন্ডিশনড স্টেডিয়ামে এর কোনো প্রয়োজন নেই। এটি ফুটবলের ছন্দ নষ্ট করছে। এটি ফুটবলের ‘আমেরিকানাইজেশন’ অর্থাৎ খেলাটিকে ফুটবল থেকে ভেঙে চার কোয়ার্টারে পরিণত করা হচ্ছে, যা মোটেই কাম্য নয়।’ এর আগে নরওয়ে-ইরাক, সুইডেন-তিউনিসিয়া ও স্পেন-কেপ ভার্দে ম্যাচেও একই ধরনের প্রতিবাদের মুখে পড়তে হয়েছে আয়োজকদের। সমর্থকরা মনে করছেন, বিজ্ঞাপন বিরতির জন্য এই ‘হাইড্রেশন ব্রেক’ একটি কৌশল মাত্র। দর্শকদের ক্ষোভ থাকলেও কোচ ও খেলোয়াড়দের মধ্যে এর পক্ষে-বিপক্ষে যুক্তি রয়েছে। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলেন, ‘এটি প্রস্তুতির জন্য ভালো।

স্টেডিয়ামে গুমট গরম থাকে, তাই আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। একে অসুবিধা মনে না করে সুবিধা হিসেবে দেখাই বুদ্ধিমানের কাজ।’ ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক অবশ্য ভিন্ন মত দিয়েছেন। তিনি মনে করেন, এটি টিভি দর্শকদের জন্য মোটেও উপভোগ্য নয়। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম বলেন, ‘এটি এখন দুই অর্ধে নয়, বরং চার কোয়ার্টারে খেলা হচ্ছে। আমরা এর সঙ্গেই মানিয়ে নিয়েছি।’ সমর্থকদের আশঙ্কা, এটি হয়তো ফুটবলের স্থায়ী নিয়ম হয়ে যাবে। স্টেডিয়াম থেকে বেরিয়ে এক সমর্থক বিবিসিকে বলেন, ‘আমি আশা করি এটি ইংলিশ ফুটবলে স্থায়ী হবে না, কারণ এটি খেলার মূল সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন