মেসি ম্যাজিকে মুগ্ধ পচেত্তিনো

মেসি ম্যাজিকে মুগ্ধ পচেত্তিনো

ফন্ট সাইজ:

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির সেই অতিমানবীয় হ্যাটট্রিকের রেশ এখনো কাটেনি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এমন বিধ্বংসী শুরুর পর বিশ্বজুড়ে চলছে মেসিবন্দনা। এবার সেই তালিকায় যোগ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। সাবেক পিএসজি শিষ্যের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পচেত্তিনো স্পষ্ট জানিয়ে দিলেন, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনাই সবচেয়ে শক্তিশালী এবং ফেভারিট দল।

ডালাসে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর কাদেনা কোপ-কে দেয়া এক সাক্ষাৎকারে মেসির সাবেক গুরু বলেন, ‘মেসি অন্য গ্রহের খেলোয়াড়। তাকে বর্ণনা করার জন্য আমরা যে বিশেষণ বা উপমাই ব্যবহার করি না কেন, তা যথেষ্ট নয়। বরং তার প্রতি অবিচার করা হবে।’ ৩৯ ছুঁই ছুঁই বয়সেও মেসির এমন ফুটবলশৈলী দেখে অবাক পচেত্তিনো আরও বলেন, “মেসিকে মাঠে দেখাটা অবিশ্বাস্য এক অনুভূতি। প্রথম ম্যাচে ধারাভাষ্যকারদের চেয়ে দর্শকদের চিৎকার বেশি শোনা যাচ্ছিল। আর আর্জেন্টিনার জন্য ‘আইসিং অন দ্য কেক’ হলো মেসি।” আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে বিশ্বকাপে ১৬ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন এলএমটেন। পচেত্তিনোর মতে, প্রথম ম্যাচ সবসময় কঠিন হলেও চ্যাম্পিয়নরা প্রমাণ করেছে কেন তারাই টুর্নামেন্টের সেরা। তিনি বলেন, “আমার মনে হয় ওরাই এবারো টুর্নামেন্টের মূল দাবিদার, আর্জেন্টিনাই ‘টিম টু বিট’।”

এদিকে গ্রুপ ‘জে’-র অন্য ম্যাচে জর্ডানের বিপক্ষে আত্মঘাতী ও পেনাল্টি গোলে নাটকীয় জয় পায় অস্ট্রিয়া। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই অস্ট্রিয়ার প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেন, ‘(আলজেরিয়া ম্যাচে) আমরা আর্জেন্টিনার যে অসাধারণ গুণ দেখলাম, তারা চিরায়ত বল দখলে রাখা দল। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুব-খুব কঠিন হবে।’ আগামী ২২শে জুন রাতে আর্লিংটনে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন