এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আর এ হ্যাটট্রিকের প্রশংসায় পুরো বিশ্ব। সেই তালিকায় নাম লেখালেন ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে রসিকতা করেন তিনি। লুলা বলেন, ‘আমি ভাবছি, মেসিকে ব্রাজিল দলে খেলানো যায় কিনা!’
ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয় ড্র দিয়ে। মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলের সমতায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের শুরুটা দুর্দান্ত না হলেও চ্যাম্পিয়নের মতো শুরু পেয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের নায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে নতুন করে ইতিহাস লেখেন আলবিসেলেস্তে অধিনায়ক। হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গিয়ের্মো ওচোয়ার সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডও ভাগ করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি। সেই মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। নিজ দেশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে লুলা বলেন, ‘স্পেনও তো কেপভার্দের সঙ্গে ড্র করেছে, ওটা আরও খারাপ ছিল।’ তিনি মনে করেন, মরক্কোই ছিল গ্রুপ পর্বে ব্রাজিলের সবচেয়ে কঠিন বাধা। লুলা বলেন, ‘সবাই যখন ব্রাজিলকে নিয়ে সংশয় প্রকাশ করে, তখনই দলটা ঘুরে দাঁড়ায় এবং বিশ্বকাপ জেতে। দেখা যাক এবার কী হয়।’
