সিলেটের দরগাহে ৩ ডেগে সিলগালা প্রশাসনের দানবাক্স

ফন্ট সাইজ:

সিলেটের দরগাহে আয় ও ব্যয়ের হিসাব ঠিক রাখতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে খাদেমদের পক্ষে বসানো তিনটি ডেগ সিলগালা করা হয়েছে। তার স্থানে প্রশাসনের পক্ষ থেকে বাক্স বসানো হয়েছে। গতকাল বিকালে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে সিলেটের হযরত শাহ্জালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি প্রধান দানবাক্সসহ ছোট-ছোট আরও কয়েকটি দানবাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়েছে। পাশাপাশি এই দানবাক্সের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। গত ১২ই জুন মাজার পরিদর্শনে যান সিলেটে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহ্জালাল (রহ.) ও হযরত শাহ্পরান (রহ.) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে দানবাক্সে তালা দেয়া হয়। এ সময় মো. সারওয়ার আলম বলেন, সিলেটের দু’টি বড় ঐতিহাসিক হযরত শাহ্জালাল (রহ.) ও হযরত শাহ্পরান (রহ.) মাজার। আমরা এই দুই মাজারকে কেন্দ্র করে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এই দু’টি প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এরপর ধাপে ধাপে অন্যান্য মাজারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন