মিরসরাইয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়থলি গ্রামে মাটির স্তূপে চাপা পড়ে মো. সায়েম চৌধুরী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে। পিতার মৃত্যুর পর মা ছালেহা বেগম ও এক বোনকে নিয়ে বড়থলি গ্রামে বসবাস করতেন। সরজমিন জানা যায়, নিজের বসতভিটার জায়গা ভরাট করার জন্য কয়েকদিন ধরে ঘরের পাশের টিলা থেকে একাই মাটি কাটছিল সায়েম। দিনে শ্রমিকের কাজ করার পাশাপাশি রাতে নিজের ঘরের জন্য মাটি ভরাটের কাজ করতেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে সায়েম টিলা থেকে মাটি কাটার সময় আশপাশে কয়েকজন কিশোর খেলাধুলা করছিল। হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। তবে সোহেল বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে একজনের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন